২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসে ‘ফাঁদ পেতে’ দেশে টাকা আদায়

প্রথমে ৬ লাখ টাকা নেওয়া হয়; পরে দুবাই নিয়ে তাদের আটকে রেখে দেশে স্বজনদের কাছ থেকে আরও ৫ লাখ টাকা নেওয়া হয় বলে অভিযোগ।

প্রবাসে ‘ফাঁদ পেতে’ দেশে টাকা আদায়

মো. মোস্তাকিন

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 01:10 AM

Updated : 07 Sep 2022, 01:10 AM

প্রবাসে ‘ফাঁদ পেতে আটক রেখে’ দেশে স্বজনদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের দুবাই প্রবাসী দুই ব্যক্তির বিরুদ্ধে।

দুবাই প্রবাসী এ দুই ব্যক্তি হলেন উল্লাপাড়া উপজেলার দাদপুর গ্রামের বাজর আলীর ছেলে মো. মোস্তাকিন (৩৫) ও মোকছেদ ফকিরের ছেলে আরফান হোসেন (৪০)।

ভুক্তভোগী পিতা-পুত্র একই উপজেলার সলপ গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় মামলা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মামলার নথি থেকে জানা যায়, মোস্তাকিন ছয় মাস আগে গ্রামের বাড়ি এলে সলপ গ্রামের শাহিন আলমকে দুবাই ও তার ছেলে নাঈমকে পোল্যান্ড পাঠানোর জন্য প্রস্তাব দেন। তাদের মধ্যে ১১ লাখ টাকার লেনদেনের চুক্তি হয়। এরপর গ্রামের লোকজনের উপস্থিতিতে মোস্তাকিনকে ৬ লাখ টাকা দেওয়া হয়। বাকি ৫ লাখ টাকা বিদেশে গিয়ে ভালো চাকরি হওয়ার পর দেওয়ার কথা হয়।

অভিযোগে বলা হয়, চলতি বছরের ৩০ জুন শাহিন ও তার ছেলে নাইমকে দুবাই নিয়ে যান মোস্তাকিন। সেখানে পৌঁছার পর একটি হোটেলের রুমে পিতা-পুত্রকে আটকে রাখা হয়। এরপর মোস্তাকিনের সাথে আরেক প্রবাসী আরফানসহ অজ্ঞাত পরিচয়ে কয়েকজন মিলে বাকি ৫ লাখ টাকার জন্য চাপ দেন।

Image

আরফান হোসেন

ওই সময় শাহিন চুক্তির বিষয়টি উল্লেখ্য করলে পিতা-পুত্রের উপর তারা শারীরিক নির্যাতন শুরু করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে মামলায় অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, এক পর্যায়ে অত্যাচার অসহ্য হলে শাহিনের কথামতো স্বজনরা মোস্তাকিন ও আরফানের পরিবারের কাছ বাকি ৫ লাখ টাকা দেন। টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তারা পিতা-পুত্রকে একটি জঙ্গলের মধ্যে ফেলে চলে যান।

মামলায় বলা হয়, এরপর অন্য প্রবাসীদের সহায়তার তারা ১৯ অগাস্ট দেশে ফিরে আসেন এবং ওই দুই জনের পরিবারের কাছে ১১ লাখ টাকা ফেরত চান। কিন্তু টাকা না দিয়ে তারা উল্টো ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন।

এ ঘটনায় শাহিন আলম বাদী হয়ে ২৭ অগাস্ট উল্লাপাড়া থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় প্রবাসী মোস্তাকিন, দেশে থাকা তার বাবা বাজর আলী ও ছোট ভাই মনসুর আলী এবং প্রবাসী আরফান ও দেশে থাকা তার বাবা মোকছেদ আলীকে আসামি করা হয়েছে।

মামলার বাদী শাহিন আলম বলেন, গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে বিদেশে যাওয়ার জন্য দালালদের কাছে ১১ লাখ টাকা দিয়েছিলেন।

“দেশে ফিরে আসার পর এখন সেই সমস্ত ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছি।”

মোস্তাকিনের বাবা বাজর আলী বলেন, “আমার ছেলে মোস্তাকিন সলপ গ্রামের শাহিন ও তার ছেলে নাঈমকে দুবাই নিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে আমার ছেলের দেওয়া কাজ তাদের পছন্দ না হওয়ায় তারা দেশে ফিরে এসেছে বলে শুনেছি।”

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও উল্লাপাড়া মডেল থানার এস আই আব্দুস সালাম বলেন, মামলার দুই আসামি বিদেশে আছে; বাকি তিনজন দেশে থাকেন। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।