২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পানিতে ডুবে ৪ জনের মৃত্যু

মৃত চারজনের মধ্যে দুই জন মৃগী রোগী ও দুইজন শিশু।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 01:09 AM

Updated : 23 Aug 2022, 01:09 AM

বরিশালে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশু ও দুই মৃগী রোগী মারা গেছেন।

সোমবার দুপুরের পর এই চার জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এরা হলেন বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের রাজ্জাক স্মৃতি কলোনীর (কেডিসি) বাসিন্দা রিকশাচালক মো. আমির হোসেন (৫০), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দ্বিপাশা গ্রামের অসীম চন্দ্রের ছেলে অপূর্ব চন্দ্র (১২), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম ফরিদপুর গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা মনির হাওলাদারের ছেলে রুহান (৫) ও তার ভাই সোহান হাওলাদারের ছেলে সাইমুন (৪)।

বরিশাল ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত লিডার জহির রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টার দিকে কীর্তনখোলা নদীর কেডিসি ঘাটে গোসল করতে যায় রিকশাচালক আমির হোসেন।

“নদীতে নামার পর মৃগী রোগী আমির হোসেনের খিঁচুনি ওঠে। তখন তিনি পানিতে ডুবে মারা যান।”

জহির বলেন, দীর্ঘক্ষণ বাসায় না ফেরায় স্বজনরা ঘাটে আসেন। ঘাটে তার জামা কাপড় পড়ে থাকতে দেখে সন্দেহ হলে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সন্ধ্যা ৬টার দিকে তার লাশ উদ্ধার করেছে।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে দিয়ে দেওয়া হয়েছে বলে বরিশাল সদর নৌ-থানার ওসি হাসনাত জামান জানিয়েছেন।

বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাকেরগঞ্জ উপজেলার উত্তর রামপুর গ্রামের নানা বাড়িতে বেড়াতে এসেছিল অপূর্ব।

“দুপুর আড়াইটার দিকে মৃগী রোগী অপূর্ব পায়রা নদীর শাখা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।”

খবর পেয়ে তারা গিয়ে নদীতে তল্লাশি করে বিকাল ৪টার দিকে অপূর্বর লাশ উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুর রহমান ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পশ্চিম ফরিদপুর গ্রামের হাওলাদার বাড়ির দুই ভাই মনির ও সোহানের দুই ছেলে সকলের অগোচরে বাড়ির পুকুরে পড়ে ডুবে যায়। তাদের দেখতে না পেয়ে দুপুরে স্থানীয়রা পুকুরে তল্লাশি করে উভয়ের লাশ উদ্ধার করেছে।

বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি।”