২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৩ যুক্তরাজ্যপ্রবাসীর মৃত্যু বিষক্রিয়ায় নয়: পুলিশ

‘প্রবাসী পরিবারটি তাদের ফ্ল্যাটের ভেতরে জেনারেটর চালিয়েছিল। এতে জেনারেটরের ধোঁয়া কোনোভাবে ওই কক্ষে প্রবেশ করে।’

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 12:19 AM

Updated : 26 Aug 2022, 10:32 AM

সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্যপ্রবাসী বাবা, ছেলে ও মেয়ের মৃত্যুর ফরেনসিক প্রতিবেদনে 'বিষক্রিয়া' পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

জেনারেটরের ধোঁয়া থেকে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনের বরাতে পুলিশের ভাষ্য।

সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, বৃহস্পতিবার তিন প্রবাসীর মৃত্যুর মেডিকেল প্রতিবেদন পুলিশের হাতে এসেছে।

“ময়নাতদন্ত প্রতিবেদন, ভিসেরা প্রতিবেদন, কেমিক্যাল এনালাইসিস রিপোর্ট ও প্যাথলজিক্যাল রিপোর্ট পর্যালোচনা করেছে বিশেষজ্ঞ দল। পর্যালোচনা শেষে মেডিকেল প্রতিবেদন পুলিশকে দিয়েছে তারা। এ প্রতিবেদন অনুযায়ী, তিন প্রবাসীর মৃত্যু কোনো বিষক্রিয়ায় হয়নি। কোনো আঘাতজনিত কারণেও মৃত্যু হয়নি। বরং জেনারেটরের ধোঁয়া থেকে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে- এটা প্রায় নিশ্চিত।”

গত ২৬ জুলাই ওসমানীনগর উপজেলার তাজপুর স্কুল রোডে চারতলা বাড়ির দোতলায় ভাড়া বাসার দরজা ভেঙে অচেতন অবস্থায় পাঁচ যুক্তরাজ্য প্রবাসীকে উদ্ধার করে পুলিশ। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা ব্রিটিশ নাগরিক রফিকুল ইসলাম ও তার ছোট ছেলে মাইকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। ১১দিন সংজ্ঞাহীন অবস্থায় লাইফ সাপোর্টে থাকার পর ৫ অগাস্ট মেয়ে সামিরা ইসলাম মারা যান। রফিকুলের স্ত্রী হোসনে আরা ও ছেলে সাদিকুল সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

পুলিশ সুপার বলেন, “প্রাথমিকভাবে তদন্ত করে জানা গেছে, এটা একটা দুর্ঘটনা। প্রবাসীরা ওই বাড়িতে ভাড়া থাকতেন। তারা ব্যক্তিগতভাবে জেনারেটর ব্যবহার করতেন। সাধারণত জেনারেটর বাড়ির বাইরে চালানো হয়। তবে ওই প্রবাসী পরিবার জেনারেটরটি তাদের ফ্ল্যাটের ভেতরে চালিয়েছিলেন। এতে জেনারেটরের ধোঁয়া কোনোভাবে ওই কক্ষে প্রবেশ করে।

“তদন্ত চলাকালে পুলিশ জেনারেটর চালিয়ে ওই কক্ষে সাত মিনিটের বেশি অবস্থান করতে পারেনি। জেনারেটর ঘরের মধ্যে থাকার কারণে ধোঁয়ায় টিকে থাকা যাচ্ছিল না। ওই প্রবাসী পরিবারের সঙ্গে কারও সম্পত্তি কিংবা অর্থনৈতিক লেনদেন নিয়ে কোনো বিরোধ নেই। পরিবারটি দুর্ঘটনার শিকার হয়েছে।”

গত ১২ জুলাই ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের ধিরারাই গ্রামের আবদুল জব্বারের ছেলে রফিকুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। ঢাকায় এক সপ্তাহ থেকে বড় ছেলে সাদিকুলের চিকিৎসা শেষে গত ১৮ জুলাই পরিবারে পাঁচ সদস্য নিয়ে ওসমানীনগর উপজেলার তাজপুর স্কুল রোডে চারতলা বাড়ির দোতলায় বাসা ভাড়া নেন।

২৫ জুলাই রাতের খাবার খেয়ে স্ত্রী, মেয়ে ও ছেলেদের নিয়ে বাসার একটি কক্ষে রফিকুল এবং অপর দুটি কক্ষে শ্বশুর, শাশুড়ি, শ্যালক, শ্যালকের স্ত্রী ও শ্যালকের মেয়ে ঘুমিয়ে পড়েন।

পরদিন সকালে একটি কক্ষের পাঁচজন ঘুম থেকে না ওঠায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের একটি দল গিয়ে দরজা ভেঙে অচেতন অবস্থায় পাঁচ যুক্তরাজ্য প্রবাসীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ব্রিটিশ নাগরিক রফিকুল ইসলাম ও তার ছোট ছেলে মাইকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে মারা যান আরেক ছেলে।