২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাম: সিলেটে আইসিইউর অভাবে শিশু মৃত্যুর অভিযোগ দম্পতির

চিকিৎসক বলেন, শিশুটিকে আইসিইউতে শয্যা নেওয়া হয়। তার আধ ঘণ্টা পর সে মারা যায়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 06:27 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশু মারা গেছে। 

শনিবার দুপুরের দিকে আট মাস বয়সি শিশু আয়ান মারা যায়। সে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকার মোরশেদ আলম ও খোরশেদা বেগম দম্পতির ছেলে। 

বাবা-মায়ের অভিযোগ, আয়ানকে সময়মত আইসিইউতে নেওয়া হলে হয়ত সে বেঁচে যেত।  

তবে আইসিইউ না পাওয়ার অভিযোগের বিষয়ে ভিন্নমত পোষণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

মোরশেদ আলম বলেন, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে শিশুটিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ সুবিধা না পেয়ে ছেলেকে নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আসেন তারা। আশা ছিল, এখানে হয়ত আইসিইউ পাবেন।  

তিনি বলেন, “হাসপাতালে আসার পর আমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করে আনতে বলা হয়। এরপর ছেলের আইসিইউ প্রয়োজন হলেও শয্যা পাওয়া যায়নি। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর আয়ানের মৃত্যু হয়।”

এরপর শিশুটিকে আইসিইউতে নেওয়া হয় বলে অভিযোগ করেন মোরশেদ আলম। তিনি বলেন, “রোগী মারা যাওয়ার পরই কীভাবে আইসিইউতে শয্যা খালি হলো?” 

শিশুটির মৃত্যুর পর হাসপাতাল প্রাঙ্গণে এক করুণ দৃশ্য তৈরি হয়। হাসপাতালে থাকা লোকজন ভিড় করেন তাদের পাশে। 

এ সময় কান্নাজনিত কণ্ঠে মা খোরশেদা বেগম বলতে থাকেন, “ও আল্লাহ গো, আমার বাচ্চা কোথায় গো, ও আল্লাহ। আমার কলিজা ছাড়া আমি বাঁচতাম না। আমার বুক খালি করছে, আমি বিচার চাই। 

“আমার সন্তানকে তারা (ডাক্তার) দেখছে না গো, এসে চিকিৎসা করছে না। তারা দেখেনি।”

এ বিষয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান বলেন, “শিশুটি এর আগে ওসমানী হাসপাতালে ভর্তি ছিল। সেখান থেকে লিখিত অনুমোদন ছাড়া তারা সরাসরি শামসুদ্দিন হাসপাতালে নিয়ে আসেন। তখন শিশুটির অবস্থাও খারাপ ছিল। শিশুটি যখন হাসপাতালে আসে, তখন আামদের আইসিইউতে কোনো শয্যা খালি ছিল না। তাকে জরুরি বিভাগে নিয়ে পর্যবেক্ষণে রেখে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছিল। পরে আইসিইউ থেকে একজন রোগীকে ওয়ার্ডে স্থানান্তর করে ওই শিশুটিকে আইসিইউতে শয্যা নেওয়া হয়। তার আধ ঘণ্টা পর শিশুটি মারা যায়।”

তিনি বলেন, “কোনো হাসপাতালেই আইসিইউ শয্যা খালি থাকে না। আইসিইউর জন্য আগে থেকে চিকিৎসক যোগাযোগ করেন। ওসমানী হাসপাতাল থেকে চিকিৎসক আমাদের হাসপাতালে যোগাযোগ করার আগেই তারা শিশুটিকে এখানে নিয়ে এসেছিলেন।

“আসলে মা-বাবার মন তো, উনারা ভেবেছিলেন, এভাবে নিয়ে আসলে হয়ত আইসিইউ মিলবে। আর উনারা বিষয়টি না বুঝে অভিযোগ করছেন।”