Published : 14 Jul 2026, 09:23 PM
নীলফামারীতে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে চলতি বছরের প্রথম ছয় মাসে ২২টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশের ভাষ্য, সৈয়দপুর, কিশোরগঞ্জ ও সদর উপজেলায় ভিসা প্রতারণা এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িত কয়েকটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে।
তারা ফেইসবুকে বিদেশে উচ্চ বেতনের চাকরির লোভ দেখিয়ে বিজ্ঞাপন দেয়। কেউ যোগাযোগ করলে ভুয়া পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কাগজপত্র দিয়ে প্রতারণা করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া এসব চক্রের বিরুদ্ধে অনলাইনে থাই জুয়া ও ক্যাসিনো পরিচালনার অভিযোগও রয়েছে।
পুলিশ জানায়, ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত জেলার তিন উপজেলা থেকে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সাইবার নিরাপত্তা আইনে ২২টি মামলা করা হয়। এসব মামলায় ৮১ জনের নাম দেওয়া আছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফয়জুল ইসলাম বলেন, “ভিসা প্রতারণা, থাই জুয়া ও অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। এ ধরনের কোনো তথ্য পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”