সিরাজগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা চালকসহ নিহত ২
অটোরিকশার আরেক যাত্রী আহত হয়েছেন, বলেন ওসি।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
শনিবার বিকাল পৌনে ৩টার দিকে সিরাজগঞ্জ-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকায় এ ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান।
নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার বনগ্রামের দুলাল মিয়ার ছেলে অটোরিকশা চালক মো. সুজন (২৮) ও একই উপজেলার জামিরতা গ্রামের মানিক মিয়া ছেলে সিরাজগঞ্জ ডিসি কার্যালয়ের কর্মচারী বাহাদুর মিয়া (৩০)।
স্থানীয়দের বরাতে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুজনের মৃত্যু হয়। অটোরিকশার আরেক যাত্রী সামান্য আহত হয়েছেন।
ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে জানিয়ে ওসি রউফ বলেন, “নিহতদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
