কুয়াশার মধ্যে ২ ট্রাকের সংঘর্ষের পর আরও ৪ ট্রাকের ধাক্কা, নিহত ১
পুলিশ বলছে, দুর্ঘটনার পর পাঁচটি ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। অন্য একটি ট্রাক খাদে পড়ে।
নাটোরের সদর উপজেলায় ঘন কুয়াশার মধ্যে প্রথমে দুটি ট্রাকের সংঘর্ষ হয়। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে আরও চারটি ট্রাক ধাক্কা দেওয়ার পর এক চালকের প্রাণ গেছে।
সোমবার সকাল ৭টার দিকে উপজেলার ডালসড়ক এলাকার নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন বলে ঝলমলিয়া হাইওয়ে থানার এসআই মো. সাদ্দাম হোসেন জানান।
নিহত ৩৫ বছর বয়সী ট্রাকচালক মো. হুসাইন ঝিনাইদহ জেলার কালীগঞ্জের সিদ্দিকের ছেলে।
আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয়দের বরাতে এসআই বলেন, “ভোর থেকে কুয়াশায় আচ্ছন্ন ছিল। এর মধ্যে ডালসড়ক এলাকায় বিপরীতমুখী একটি পাথর বোঝাই ট্রাক ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাঁচটি ট্রাক দুমড়ে-মুচড়ে সড়কের ওপর পড়ে থাকে। আর অন্য একটি ট্রাক গিয়ে পড়ে সড়কের পাশের একটি খাদে।
“খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। আর ট্রাকচালক হুসাইন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।”
এ দুর্ঘটনার কারণে নাটোর-বগুড়া মহাসড়কে কিছু সময় যানজট সৃষ্টি হয়েছিল। সকাল ১০ টার পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান এসআই সাদ্দাম।
