শেরপুরে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন
রোববার সকালে ভায়াডাঙ্গা বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ইউপি সদস্যসহ এলাকাবাসীও অংশ নেন।
শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে ভায়াডাঙ্গা বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ইউপি সদস্যসহ এলাকাবাসীও অংশ নেন।
মানববন্ধন শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্যে রাণীশিমুল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোস্তক আহমেদ বলেন, “চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত শহিদ সবুজ হত্যা মামলার আসামি। তার কর্মকাণ্ডে আমরা ইউনিয়ন পরিষদের সদস্যরা অতিষ্ঠ হয়ে পড়েছি। বিগত সময়ে তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেও আমরা কোনো প্রতিকার পাইনি।”
বাঁধ নির্মাণে শ্রমিকদের মজুরির টাকা আত্মসাৎ, ইউপি সদস্যদের নামে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করা, ইউপি সদস্যদের কাছে জোর করে সাদা কাগজে রেজুলেশনে স্বাক্ষর নেওয়া, নারী ইউপি সদস্যকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ আনা হয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।
সংবাদ সম্মেলন থেকে তাকে অবিলম্বে গ্রেপ্তার ও অপসারণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য নুরুল হক, মজিবুর রহমান, সেলিম আহমেদ, আব্দুর রহিম, সংরক্ষিত নারী সদস্য সাহারা বেগম, সাহিদা বেগম, কল্পনা নাছরীন উপস্থিত ছিলেন।
