২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার মামলায় ছাত্রলীগের সাবেক এই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুরে হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার মনোয়ারুল ইসলাম মাসুদ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 04:25 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলার আসামি যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত ১১টার দিকে নগরের কেরামতিয়া জামে মসজিদের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান।

আইনি প্রক্রিয়া শেষ সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাসুদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং জয়নাল আবেদীন বাপ্পি ও মামুনুর রশিদকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা রয়েছে।

মাসুদ রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জগজীবন গ্রামের শহিদুল ইসলামের ছেলে। 

ওসি আতাউর রহমান বলেন, গত বছরের পাঁচ অগাস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান ছাত্রলীগের সাবেক নেতা মাসুদ।

ছাত্রলীগ থেকে বিদায় নেওয়ার পর মাসুদ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদে রয়েছেন।

মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। সবশেষ পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নৌকার প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন তিনি।