গাজীপুরে ফুটবল খেলার বিরোধে খুন, প্রতিপক্ষের বাড়িতে আগুন
হত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠা মোজাম্মেল পালিয়ে গেলেও তার বাবাকে আটক করেছে পুলিশ।
গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পরে হত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠা যুবকের বাড়ি পুড়িয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধরা।
শুক্রবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ ফালু মার্কেট সংলগ্ন সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল।
নিহত জিহাদ হাসান জয় (১৫) ওই এলাকার মোহাম্মদ বোরহান উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ছিলেন।
নিহতের বাবা বোরহান বলেন, লোহাগাছ সরকার মার্কেট এলাকায় ফুটবল খেলা নিয়ে জয়ের সঙ্গে রাতে একই এলাকার মোজাম্মেল হক ও তার বন্ধুদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মোজাম্মেল বাড়ি থেকে ছুরি এনে জয়কে আঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা জয়কে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতলে রেফার্ড করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টার দিকে জয়ের মৃত্যু হয়।
পুলিশ জানায়, জয়ের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতেই উত্তেজিত জনতা মোজাম্মেল হকের বাড়িতে আগুন লাগিয়ে দিলে ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে মোজাম্মেলের বাবা সিদ্দিকুর রহমানকে আটক করা হয়েছে।
ছাত্র হত্যার এ ঘটনায় চারজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
