২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীকে মারধর: মহানন্দা সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ

“সেতুর টোল না দিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে মারধর করে টোল আদায়কারীরা।”

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2024, 09:28 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে মারধরের জেরে মহানন্দা সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এর জেরে সেতুর টোলঘর ভাঙ্চুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করে রাখে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ সময় সেতুর ওপর দিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে বুধবার বিকাল ৪টা থেকে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলে সদর থানার ওসি এস এম জাকারিয়া জানান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, “সেতুর টোল না দিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে মারধর করে টোল আদায়কারীরা।

“এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা দলবেঁধে এসে টোলঘরে হামালা চালায় ও আগুন ধরিয়ে দেয়। এরপরই শুরু হয় টোল আদায়কারীদের সঙ্গে তাদের মারামারি। পরে টোল আদায়কারীরা টিকতে না পেরে পালিয়ে যায় ।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নেভায় এবং পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তখন শিক্ষার্থীরা স্থায়ীভাবে এ সেতুর টোল আদায় বন্ধ ও মারধরের বিচারের দাবি জানায় বলে জানান ওসি এস এম জাকারিয়া।

পরের্ আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের মারধরের বিচারের আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন বলেন, “একদল ছাত্র টোলঘরে হামলা চালিয়ে আগুন দেয় ও সড়ক অবরোধ করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সড়কে যানচলাচল শুরু হয়। তবে টোল আদায় বন্ধ রয়েছে।”