২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ বকশিসের কথা বলে হত্যা: সিরাজগঞ্জে বিএনপি নেতার জবানবন্দি

ওসি বলেন, শুক্রবার রাতে রংপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2026, 07:22 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ঈদের বকশিস দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার মামলায় বিএনপি নেতা সাইফুল ইসলাম আদালতে জবানবন্দি দিয়েছেন।

শনিবার বিকালে শাহজাদপুর চৌকি আদালতের বিচারক মো. মোসলেম উদ্দীনের খাস কামরায় তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এরপর তাকে জেলহাজতে পাঠানো হয়।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, শুক্রবার রাতে রংপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাইফুল উপজেলার কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সড়াতৈল গ্রামের আদম ব্যাপারীর ছেলে। হত্যার পর ২৫ মার্চ তাকে দল থেকে বহিষ্কার করা হয়। 

নিহত সোহেল রানা (২৫) উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।

মামলায় বলা হয়, রোজার ঈদের আগের দিন সন্ধ্যায় ঈদ বকশিস দেওয়ার কথা বলে সোহেল রানাকে বাড়ি থেকে ডেকে আনা হয়। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। ঈদের দিন সকালে এলাকার একটি ধান ক্ষেতে সোহেল রানার মরদেহ পাওয়া যায়। 

নিহতের মা রুবি আক্তার বাদী হয়ে সাইফুল ইসলামের নাম দিয়ে অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় রবিউল ইসলাম রবি নামে এক অটোরিকশা চালক গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছেন। তিনিও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।