ফরিদপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
মিন্টু ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত।
ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমার মোড় এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান।
গ্রেপ্তার ৪৫ বছর বয়সি মেহেদী হাসান ডিক্রিরচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছিলেন। এ ছাড়া তিনি ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত।
এর আগে নিক্সনের আরেক ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদারকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আসাদউজ্জামান জানান, মেহেদী হাসানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুটি মামলা রয়েছে। আপাতত তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে সি অ্যান্ড বি ঘাট টোল প্লাজার সামনে বিএনপির প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফের পক্ষে পোস্টার লাগানোর সময় ডিক্রিরচর ইউনিয়নের আয়জদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা হিরু শেখকে পিটিয়ে হত্যা করা হয়।
সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তন হলে হিরু শেখের ছেলে রুমন শেখ বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মিন্টুকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
এ ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শহরের কমলাপুর মহল্লার বাসিন্দা আজাদ শেখ বাদী হয়ে মিন্টুকে আসামি করে আরেকটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার এসআই কবির আহমেদ বলেন, রোববার মিন্টুকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।
এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইউপি চেয়ারম্যান মিন্টুর নামে দুদক ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খালিদ হোসাইন বাদী হয়ে একটি মামলা করেন।
তিন মাস আগে করা এ মামলায় তার বিরুদ্ধে অবৈধ উপায়ে এক কোটি সাত লাখ ৪৮ হাজার ১৭২ টাকা অর্জনের অভিযোগ এনেছে দুদক।
