১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় বাসা থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে খুন

“সাঈদ ফোনে কথা বলতে বলতেই বাসা থেকে বের হয়।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2024, 03:12 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

বগুড়া শহরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান।  

নিহত আবু সাঈদ ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।  

সাঈদ ভ্যান ও রিকশার গ্যারেজের ব্যবসা করতেন। পাশাপাশি ৪ মাস আগে বালুর ব্যবসাও শুরু করেছিলেন তিনি।  

তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত আবু সাঈদের ভাই রিপন বলেন, “শুক্রবার রাত ১২টার দিকে কে বা কারা তাকে মোবাইলে ফোন করে ডেকে নিয়ে যায়। সাঈদ ফোনে কথা বলতে বলতেই বাসা থেকে বের হয়। কিছুদুর যাওয়ার পর অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়।

“স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।”

সাঈদের বাবা ইউসুফ আলী বলেন, “প্রতিবেশীর সঙ্গে জায়গা নিয়ে মামলা ছিল। কিন্তু সেটা নিষ্পত্তি হয়ে গেছে। তবে আমার ছেলেকে কি কারণে কারা হত্যা করেছে তা এখনও বুঝতে পারছি না। আমি ছেলে হত্যার বিচার চাই।” 

ওসি মঈনুদ্দীন বলছেন, “সাঈদ হত্যার কারণ এখনও জানতে পারিনি। আমাদের একাধিক টিম এ নিয়ে কাজ করছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।”