২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহের সাবেক এমপি অপু ঢাকায় গ্রেপ্তার

কোন মামলায় অপুকে গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঝিনাইদহের সাবেক এমপি অপু ঢাকায় গ্রেপ্তার
শফিকুল ইসলাম অপু

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2025, 11:02 AM

Updated : 26 Aug 2026, 01:36 PM

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক বার্তায় জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তবে কোন মামলায় অপুকে গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

অভ্যুত্থানের মুখে গতবছর ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। এক বছর পেরিয়ে এসেও সেই ধারা অব্যাহত রয়েছে। 

ব্যবসায়ী শফিকুল ইসলাম অপু ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন।