টাঙ্গাইলে প্রাথমিকের বৃত্তিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের নেওয়ার দাবি
বক্তারা বলেন, এতে দেশের ৬০ হাজার কিন্ডারগার্টেন ও সমমনা শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রায় এক কোটি শিক্ষার্থীকে বঞ্চিত করা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে টাঙ্গাইল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।
মানববন্ধনে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকার কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষকরা অংশ নেন।
এ সময় বক্তব্য দেন টাঙ্গাইল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক, মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও অ্যাসোসিয়েশনের সহসভাপতি আবীর আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আরিফ খান স্বাধীন, মির্জাপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কাশেম সিকদার, কালিহাতী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মোল্লা, ধনবাড়ী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সখীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান।
এ সময় বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর চলতি বছরের ১৭ জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। কিন্তু পরিপত্রে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দেশের ৬০ হাজার কিন্ডারগার্টেন ও সমমনা শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রায় এক কোটি শিক্ষার্থীকে বঞ্চিত করা হয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য করা হয়েছে।
তারা বলেন, এই পরিপত্র বাতিল করে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করে বৈষম্যহীন ও গ্রহণযোগ্য নতুন পরিপত্র জারি করতে হবে।
