২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিগত মূল্যস্ফীতির জেরে জনজীবনে আরও দুর্ভোগ আসতে পারে: উপদেষ্টা

ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2026, 11:02 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

বিগত তিন বছরের মূল্যস্ফীতির জেরে সামনে দিনগুলোতে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেছেন, “একটি বৈরী পরিবেশে বর্তমান সরকার গঠন হয়েছে। বিগত তিন বছরে মূল্যস্ফীতির কারণে দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। মূল্যস্ফীতির কারণে সামনের দিনে জনজীবনে আরও দুর্ভোগ আসতে পারে। দরিদ্র মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।”

শুক্রবার বিকালে ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “আঞ্চলিক বৈষম্য দূরীকরণে কোনো রাজনৈতিক দল আগে কখনও কাজ করেনি। বাস্তবতাকে সামনে রেখে আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি যে, সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

“বর্তমান প্রধানমন্ত্রী বাগাড়ম্বরে বিশ্বাসী নন, তিনি কাজে প্রমাণ দিচ্ছেন। সম্প্রতি  বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক তারই প্রমাণ। বাংলাদেশে এটি একটি যুগান্তকারী অধ্যায়।”

তিনি বলেন, “দেশে বিনিয়োগ সংক্রান্ত অনেকগুলো কমিটি আছে। কিন্তু ফ্যাসিবাদী আমলে এগুলোর কোনো কার্যক্রম ছিল না। তাই চাহিদা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি। আমরা বিনিয়োগবান্ধব দেশ গড়তে চাই। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আমরাই প্রথম সার্বজনীন ব্যবস্থা গ্রহণ করেছি।”

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ফরিদপুর করিম জুট মিল পরিদর্শন করেন এবং সেখানে শ্রমিকদের সঙ্গে কথা বলেন।

তিনি ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং পল্লীকবি জসীম উদ্দীনের বাড়ি পরিদর্শন করেন।