যমুনা পাড়ে সূর্যের দেখা নেই, বাতাসে কাহিল জীবন
সোমবার সকালে জেলায় এ বছরের সর্বনিম্ন তাপ ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জে কয়েক দিন যাবত সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর বাতাসে কাহিল হয়ে পড়েছে জনজীবন।
নিম্ন আয়ের মানুষজন কাজের জন্য বাইরে বের হতে পারছে না। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
শীতজনিত রোগ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে ক্রমশ ভিড় বাড়ছে। চলনবিল ও চরাঞ্চলের মানুষজন বেশি দূর্ভোগের কবলে পড়েছেন।
সিরাজগঞ্জের তাড়াশ আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সোমবার সকালে জেলায় এ বছরের সর্বনিম্ন তাপ ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
অপরদিকে, বাঘাবাড়ি আবহাওয়া কার্যালয়ের সহকারী কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
নির্মাণ শ্রমিক জহুরুল ইসলাম বলেন, “শীতে হাত-পা ঠিক মতো চলে না। তারপরও পেটের তাগিদে কাজে যেতে হচ্ছে।”
রিকশাচালক রহিম উদ্দিন বলেন, “মানুষজন বাইরে কম বের হয়েছে। শীতের কারণে তারা রিকশায় উঠতে চায় না। আয়-রোজগার কমে গেছে। সংসার চালানোই কষ্ট, আবার এনজিওর কিস্তি দিতে হবে। তাই চিন্তায় আছি।”
সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকার কাঁচামাল বিক্রেতা জামাল উদ্দিন বলেন, “শীত সহ্য হচ্ছে না। তাই দিনের বেলায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছি।”
সিরাজগঞ্জের সিভিল সার্জন নুরুল আমিন বলেন, “শীতজনিত রোগের কারণে হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া উচিত না। বের হলেও শরীর উষ্ণ রাখতে পর্যাপ্ত শীতের কাপড় পরিধান করতে হবে। তা না হলে শীতজনিত রোগ সর্দি-কাশি, হাঁপানি, অ্যাজমা ও শ্বাসকষ্টজনিত বেড়ে যেতে পারে।”
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাছেত বলেন, আগে বরাদ্দ পাওয়া কম্বল বিতরণ করা হয়েছে। আবারও সরকারি বরাদ্দ পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে কম্বল ক্রয় করে বিতরণ করা হবে।
