সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জাহাঙ্গীর আলম
বাসার সামনে জড়ো হওয়া কর্মী-সমথর্থকদের উদ্দেশে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে হামলায় আহত গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।
শনিবার সকাল ৮টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে গাজীপুরের বাসায় পৌঁছে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কর্মী-সমর্থকদের মোটরসাইকেল-গাড়ির বহরও ছিল তার সঙ্গে। বাসায় পৌঁছলে তার ভক্ত-সমর্থক এলাকাবাসী তাকে ফুলের শুভেচ্ছা জানান।
বাসার সামনে জড়ো হওয়া লোকজনের উদ্দেশে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।
১৯ জুলাইয়ের হামলার কথা স্মরণ করে জাহাঙ্গীর আলম বলেন, “আমি যখন লোকজন নিয়ে আওয়ামী লীগের সভায় যোগ দিতে ঢাকার উদ্দেশে রওনা হই, তখন উত্তরায় পৌঁছার পর রাজপথে কোটা আন্দোলনকারীদের ভেতরে ঢুকে দুর্বৃত্তরা-খুনিরা আমার ও আমার কর্মীদের ওপর হামলা চালায়। সেখানে জুয়েল মোল্লাকে তারা হত্যা করেছে, আমাকে হত্যার উদ্দেশে একটি বাড়িতে আড়াই ঘণ্টা আটকে রেখে নির্যাতন করে। তারা ভেবেছিল, আমি মারা গেছি, সর্বশেষ তারা বিভিন্ন হাসপাতালে হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রীর সহায়তায় আমি সেখান থেকে উদ্ধার হই এবং চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাই।”
গাজীপুরের সাবেক এই মেয়র আরও বলেন, “দেশের কোথাও যেন খুনিরা আশ্রয় প্রশ্রয় না পায়। প্রশাসনে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তারা শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা চাই, আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধান হোক। আমাদের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাক। আর কারো মায়ের বুক যেন খালি না হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বেশি অন্য কেউ দেশ প্রেমিক হতে পারে না।”
১৯ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে জাহাঙ্গীর আলমের ওপর উত্তরায় হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলায় জাহাঙ্গীর গুরুতর আহত হন, মারা যান তার সঙ্গে থাকা জুয়েল মোল্লা নামে এক সহযোগী।
মাথায় আঘাতপ্রাপ্ত জাহাঙ্গীর আলমকে পরদিন সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
