২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনসহ নিহত ৩

পুলিশ জানায়, নাগেশ্বরী উপজেলার আলাদা স্থানে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা দুটি ঘটে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2024, 12:02 AM

Updated : 26 Aug 2026, 09:56 AM

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আলাদা বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনসহ তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। 

কচাকাটা থানা পুলিশ জানায়, শুক্রবার বিকালে নাগেশ্বরী উপজেলার দুটি গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের বেগুনীপাড়া গ্রামের শাহাদাৎ হোসেনের দুই মেয়ে সুমাইয়া (১১), মাছুমা (৬) এবং নারায়নপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান মুন্সির ছেলে সিরাজুল ইসলাম (৩৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বিশ্বদেব রায় বলেন, “বিকালে সুমাইয়া ও মাছুমা কলাগাছের ভেলা নিয়ে পাশের খালার বাড়ি যেতে চায়। একটু দূরে যেতে তাদের সেচ পাম্পের টানানো বিদ্যুতের তার দুই বোনের গলায় আটকে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ছাড়া বিকাল ৬টার দিকে নারায়ণপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের সিরাজুল ইসলাম কলাগাছের ভেলায় করে পাশের বাড়ি যাচ্ছিলেন। তখন তার বাঁশের লগি বিদ্যুৎ সরবরাহের মূল তারে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়।

কোনো অভিযোগ না থাকায় লাশগুলো পরিবারের কাছে দেওয়া হয়েছে। এ বিষয়ে আলাদা অপমৃত্যুর মামলা হবে বলে জানায় পুলিশ।