২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে স্বতন্ত্রের পক্ষে থাকায় বিএনপি কর্মীর মাথা ন্যাড়ার অভিযোগ

অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, ঘটনার সত্যতা পেয়েছে গৌরীপুর থানা পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2026, 06:55 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপির এক কর্মীর মাথা ন্যাড়া ও ভ্রু কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হলে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী আবদুল মান্নান তালুকদার।

গৌরীপুর উপজেলা বিএনপির এই সদস্য বুধবার রাতে গৌরীপুর থানায় মামলা করেছেন। মামলায় গৌরীপুর পৌরসভা কৃষক দলের সভাপতি শাহী মুন্সী নাম দিয়ে অজ্ঞাত আরও ছয় থেকে সাতজনকে আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আবদুল মান্নান তালুকদার বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি এই আসনের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের (ঘোড়া প্রতীক) পক্ষে কাজ করেছিলেন। অন্যদিকে শাহী মুন্সী বিএনপির বিজয়ী প্রার্থী ও বর্তমান প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইনের অনুসারী হিসেবে পরিচিত। 

তিনি বলেন, ১৮ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ২টায় তিনি অটোরিকশা করে গৌরীপুর থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন। গৌরীপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন রেলক্রসিং এলাকায় পৌর ট্যাক্স আদায়ের জন্য অটোরিকশাটি গতিরোধ করা হয়। তখন শাহী মুন্সী তাকে অটোরিকশা থেকে টেনে-হিঁচড়ে নামান এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। 

“পরবর্তীতে আমাকে একটি সেলুনে নিয়ে মাথা ন্যাড়া করে এবং ভ্রু কেটে দেওয়া হয়। তখন পথচারীদের ডেকে এনে আমাকে দাঁড় করিয়ে সামাজিকভাবে অপদস্থ করা হয়।”

আবদুল মান্নান তালুকদারের দাবি, কেবল স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। 

তিনি ক্ষোভের সঙ্গে বলেন, “১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, জেল খেটেছি। কিন্তু আজ নিজ দলের নেতাকর্মীদের হাতেই এমন উপহার পেলাম!”

সংবাদ সম্মেলনে সাবেক বিএনপি নেতা ঘোড়া প্রতীকের পরাজিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণও উপস্থিত ছিলেন। 

তিনি বলেন, তিনি সামান্য ভোটের ব্যবধানে হারার পর থেকে ধানের শীষের প্রার্থীর কর্মী-সমর্থকরা তার কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর করছে। বার বার কারা নির্যাতিত নেতা আবদুল মান্নান তালুকদারকেও তারা ছাড় দেননি। 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন গৌরীপুর পৌরসভা কৃষক দলের সভাপতি শাহী মুন্সী। তিনি বলেন, “নির্বাচনের পর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে আমরা উপজেলা শহরে বিজয় মিছিল করি। এতে ক্ষিপ্ত হয়ে পরাজিত প্রার্থী হিরণ আমাদের বিরুদ্ধে একটি সাজানো মামলা করে। 

“এ ধরনের কোনো ঘটনাই গৌরীপুরে ঘটেনি। সঠিকভাবে তদন্ত করলে এর কোনো সত্যতাই মিলবে না। আমাকে হয়রানি করার জন্যই মামলা হয়েছে। এর আগেও তারা অনেক মিথ্যা মামলায় মানুষকে হয়রানি করেছে।”

গৌরীপুর, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, “ঘটনার সত্যতা পেয়েছে গৌরীপুর থানা পুলিশ। পরে অভিযোগটি আমলে নিয়ে মামলা নথিভুক্ত করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”  

গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে পৌর কৃষক দলের সভাপতি শাহী মুন্সী এ ঘটনায় জড়িত নন বলে আমাকে জানিয়েছেন। তবে দলের কেউ যদি এ ঘটনা ঘটিয়ে থাকে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

ময়মনসিংহ জেলা কৃষক দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ বলেন, “বিষয়টি এরই মধ্যে কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। সত্যতা প্রমাণিত হলে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”