১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মাছের দরদাম নিয়ে দ্বন্দ্বে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ১৫

সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকান ভাঙচুরের পাশাপাশি লুটপাটের ঘটনা ঘটে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2025, 10:17 PM

Updated : 10 Sep 2026, 12:30 PM

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাছের দরদামকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনার পর মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার দুপুর ১২টা একটা থেকে বেলা পৌনে ৩টা পর্যন্ত উপজেলার টুকেরবাজারের বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ।

খবর পেয়ে পুলিশ দুপক্ষকে ছত্রভঙ্গ করতে ২১টি কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে। এ সময় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে দেড় ঘণ্টার মত যান চলাচল বন্ধ ছিল।

আহতরা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৪ জানুয়ারি বিকালে বউ বাজারে মাছের দরদাম নিয়ে পশ্চিম টুকেরগাঁও ও নয়াগাঙ্গেরপাড় এলাকার বাসিন্দাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। 

এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার ইসলামপুর, পশ্চিম টুকেরগাঁও এবং নয়াগাঙ্গেরপাড় এলাকার বাসিন্দারা বিভক্ত হয়ে যান। মঙ্গলবার দুপুরে উভয়পক্ষ মাইকিং করে লোকজন জড়ো করতে থাকেন।

একপক্ষে ইসলামপুর ও পশ্চিম টুকেরগাঁও গ্রামের লোকজন এবং অপরদিকে নয়াগাঙ্গেরপাড় এলাকার লোকজন দেশি অস্ত্র নিয়ে টুকেরবাজার এলাকায় সংঘর্ষে জড়ান। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকান ভাঙচুরের পাশাপাশি লুটপাটের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি যানবাহন।

ওসি উজায়ের আল মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করেন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত আছে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রভাকর রায় বলেন, সংঘর্ষের ঘটনায় সন্ধ্যা পর্যন্ত পুরুষ-মহিলা মিলিয়ে ১৫ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত রোগীর সংখ্যা বাড়তে পারে।  

এর আগে ১৪ ও ১৫ ডিসেম্বর মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে একই উপজেলার থানা বাজার এলাকায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছিলেন।