২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পাঁচ ঘণ্টায় ৫ স্থানে আগুন

এতে তুলা ও ঝুটের পাঁচটি গুদাম, বসতঘর, দোকান এবং টিনশেড কলোনির অন্তত ৮০টি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 06:13 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

গাজীপুরে একদিনে কয়েক ঘণ্টার ব্যবধানে পাঁচটি স্থানে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এতে তুলা ও ঝুটের পাঁচটি গুদাম, বসতঘর, দোকান এবং টিনশেড কলোনির অন্তত ৮০টি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার ভোর ৫টা থেকে সকাল ১০টার মধ্যে শ্রীপুর, পূবাইল মাঝুখান, মহানগরীর চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ী থানার আমবাগ এবং কালিয়াকৈর পৌরসভার দিঘীরপাড় এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ভোর থেকে জেলার পাঁচটি স্থানে আগুনের ঘটনা ঘটেছে। সবকটি স্থানে আগুন নিয়ন্ত্রণে নিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর ৫টার দিকে গাজীপুরের পূবাইল মাঝুখান এলাকায় একটি তুলার গুদামে আগুন লাগে। সেখান থেকে আগুন আরও দুটি গুদামে ছড়ায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ নেয়। এতে তিনটি গুদামের সব মালামাল ছাই হয়েছে।

অপরদিকে নগরের কোনাবাড়ী আমবাগ পূর্বপাড়া এলাকায় পলাশ মিয়ার ঝুটের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। আগুনে গুদামের সব মালামাল পুয়ে গেছে।

এ ছাড়া সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর পৌরসভার চান্দরা পল্লীবিদ্যুৎ দিঘিরপাড় এলাকায় একটি টিনশেড কলোনিতে আগুন লাগে। এতে কলোনির ৮০টি ঘর পুড়ে গেছে। 

ভুক্তভোগীরা জানান, সকালে কলোনিতে বসবাসকারী লোকজন বিভিন্ন কর্মস্থলে চলে যান। এ সময় প্রথমে একটি কক্ষ থেকে আগুন লাগে। আগুন দেখে আশপাশের লোকজন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের ভয়াবহতা বেড়ে আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়।

এর আগে রোববার রাত ২টার দিকে নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি দোকান ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।

একই দিন রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা গ্রামের প্রয়াত কফিল উদ্দিনের পুত্রবধূ মুন্নী বেগমের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেন। 

মাওনা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল করিম বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঁচ থেকে সাত মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে শ্রীপুর মডেল থানার এসআই মতিউর রহমান বলেন, আগুনে চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।