২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার ৫ ওসিসহ আট পুলিশ কর্মকর্তা বদলি

জনস্বার্থে ও কাজের যোগ্যতার ভিত্তিতে এই রদবদল করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 07:17 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

ব্রাহ্মণবাড়িয়ার নয়টি থানার মধ্যে পাঁচটির ওসিসহ আটজন পুলিশ পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে।

রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদেরকে বদলি বলা হয়। 

বদলি করা কর্মকর্তাদের দ্রুত যোগদানের জন্য ওই অফিস আদেশে নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।

আদেশ অনুযায়ী, বাঞ্ছারামপুর, সরাইল, আশুগঞ্জ, নাসিরনগর ও নবীনগর থানার ওসিকে বদলি করা হয়েছে। এর মধ্যে বাঞ্ছারামপুর থানার ওসি মোরশেদুল আলমকে সরাইল থানা এবং নাসিরনগরের ওসি মো. খাইরুল আলমকে আশুগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব ঠিক রেখে তাদের বদলি করা হয়েছে।

এ ছাড়া সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান ও আশুগঞ্জের ওসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া সদর কোর্টের পরিদর্শক এবং নবীগর থানার ওসি আব্দুর রাজ্জাককে ডিএসবির পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

একই আদেশে পুলিশ লাইনে থাকা পরিদর্শক মুহাম্মদ আজহারুল ইসলামকে নাসিরনগর থানার ওসি, নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খানকে বাঞ্ছারামপুর থানার ওসি এবং আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনূর ইসলামকে নবীনগর থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

জেলা পুলিশে একসঙ্গে এত বড় রদবদল নিয়ে সর্বত্র আলোচনা চলছে। বদলি হওয়া একাধিক ওসির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগও ছিল। আবার কোনো কোনো পুলিশ কর্মকর্তা ভালো দায়িত্ব পালনের ফলস্বরূপ পদায়িত হয়েছেন বলে শোনা যাচ্ছে।

পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, জনস্বার্থে ও কাজের যোগ্যতার ভিত্তিতে এই রদবদল করা হয়েছে।