পেকুয়ায় ছুরিকাঘাতে শ্রমিকদল নেতা নিহত
“হতাহত ও হামলাকারী সবার সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। এখানে শ্রমিক সংগঠনের কোনো বিষয় সম্পৃক্ত নেই।”
কক্সবাজারের পেকুয়া উপজেলায় পরিবহন লাইন নিয়ন্ত্রণের বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিকদলের নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
উপজেলার পেকুয়া বাজারের পশ্চিম পাশে ওয়াপদা অফিসের সামনে সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান।
নিহত ৩৮ বছর বয়সী শহিদুল ইসলাম শওকত পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়্যাঘোনা এলাকার শফিউল আলমের ছেলে। তিনি পেকুয়া উপজেলার সদর পশ্চিম জোন শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
আহতরা হলেন-শহিদুলের ভাই মোহাম্মদ শাকের (২৭) ও চাচাত ভাই মোহাম্মদ তারেক (২৩)। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি ইলিয়াছ জানান, ছুরিকাঘাতে আহত শহিদুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়।
তিনি বলেন, “কারা, কি কারণে এবং কেন খুন করেছে-সবই আমরা সংগ্রহ করছি। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পেকুয়ায় আনা হচ্ছে। এ ঘটনায় লিখিত এজাহার পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয়রা জানান, পেকুয়া সদর পশ্চিম জোন শ্রমিকদলের দুটি পক্ষ রয়েছে। একটি পক্ষের নেতৃত্ব দেন পশ্চিম জোন শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। আর অপর পক্ষের নেতৃত্বে রয়েছে সাবেক সহ-সভাপতি বদিউল আলম ও সাজ্জাদুল ইসলাম। এই দুটি পক্ষ পেকুয়া উপজেলা শ্রমিকদলের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ ওসমান ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদের অনুসারী।
৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে শ্রমিকদলের দুই পক্ষই পেকুয়া সিএনজি, টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের লাইন দখল নিতে মরিয়া হয়ে ওঠে। এর জের ধরে ও দলের অভ্যন্তরীণ বিরোধের জেরে শহিদুলকে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
পেকুয়া উপজেলা শ্রমিকদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ বলেছেন, “হতাহত ও হামলাকারী সবার সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। এখানে শ্রমিক সংগঠনের কোনো বিষয় সম্পৃক্ত নেই।
“আমার সঙ্গে ওসমানের বিরোধের কথা বলা হচ্ছে। কিন্তু তার সঙ্গে আমার কোনো বিরোধই নেই। হামলার কথা শুনে আমি আর ওসমান দুজনে একসঙ্গে হাসপাতালে গিয়েছি।”
