Published : 16 Jul 2026, 04:44 PM
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দুই ভাইয়ের নিহত হওয়ার খবর পেয়েছে পরিবার।
নিহতরা হলেন- উপজেলার গণিপুর গ্রামের খলিফা বাড়ির ব্যবসায়ী আব্দুল মালেকের ছেলে ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১)।

আব্দুল মালেক বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের বলেন, দুই ছেলের সহকর্মীদের মাধ্যমে তাদের মৃত্যুর সংবাদ পেয়েছেন। বুধবার বাংলাদেশ সময় গভীর রাত ২টার দিকে প্রাইভেট কারে রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার পথে তারা সড়ক দুর্ঘটনায় নিহত হন।
দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন তাদের মা-বাবাসহ পরিবারের সদস্যরা।
নিহতদের বাবা আব্দুল মালেক বলেন, সজীব ও সুজন জেদ্দায় ব্যবসা করত। তারা দুজনই রিয়াদ শহরে মালামাল কিনতে গিয়েছিল। ওই মালামাল নিয়ে ফেরার পথে তাদের বহনকারী প্রাইভেট কারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সংঘর্ষ হয়।
এতে তাদের গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সজীব ও সুজন মারা যায়।
আব্দুল মালেক বলেন, “আমার দুই ছেলে একসঙ্গে মারা গেছে। সবাই তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করবেন। তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চাই।”
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, “ঘটনাটি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।”