২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে শিক্ষার্থীদের দাঁড়াতে দেয়নি পুলিশ, লাঠিচার্জে আহত ১০

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2024, 04:59 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা দেশজুড়ে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে যশোরে শিক্ষার্থীদের মিছিলে তিন দফা লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার সকাল ১১টায় শহরের প্রেসক্লাবের সামনে ডাকা বিক্ষোভ কর্মসূচি থেকে পাঁচ শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম।

পুলিশের লাঠিচার্জে আহত সিলভিয়া (১৮), কান্তা (২০), জিসান (১৭), মাহি (২০) এবং জিসান (১৯) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা পৌর পার্ক এলাকায় জড়ো হয়ে মিছিল বের করেন। মিছিলটি পৌরসভার সামনে দিয়ে মুন্সি মেহেরুল্লাহ সড়কে পৌঁছালে প্রথম দফা লাঠিচার্জ করে পুলিশ। 

এর প্রতিবাদের তাৎক্ষণিক শিক্ষার্থীরা আবার মিছিল বের করলে সেখানেও লাঠিচার্জ করা হয়। নারী পুলিশ ছাড়া ছাত্রীদের ওপর লাঠিচার্জ করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। মিছিলে কয়েকজন অভিভাবকও ছিলেন।

যশোরে কোটাবিরোধী আন্দোলনের সহ-সমন্বকারী নুর ইসলাম জানান, দুই দফা লাঠিচার্জের পর শিক্ষার্থীরা শহরের ধর্মতলা এলাকায় সমবেত হয়। সেখানে গিয়েও লাঠিচার্জ করে পুলিশ। এ সময় আট থেকে ১০ শিক্ষার্থী আহত হন।

“তারা কোনো বিশৃঙ্খলা করেননি। মিছিল করতে চেয়েছেন কিন্তু পুলিশ বারবার তাদের ওপর লাঠিচার্জ করেছে। ধর্মতলায় লাঠিচার্জে তিন ছাত্রীসহ আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।”

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্রা মল্লিক জানান, জরুরি বিভাগে পাঁচ শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হাতে ও পায়ে আঘাত পেয়েছেন।

এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে তরুণ-তরুণী ও শিক্ষার্থী দেখলেই তল্লাশি চালিয়েছে পুলিশ। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খান বলেন, “পূর্ব নির্ধারিত কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বাধা দিয়ে আটক করে আন্দোলন প্রতিহত করা যাবে না। আমরা রাজপথে ছিলাম, থাকব।”

শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে অশান্ত না হয় এ জন্য পুলিশ তৎপর রয়েছে বলে জানান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।