বাগেরহাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল ২ ভাইয়ের
বৈরী আবহাওয়ার মধ্যে ধান ক্ষেতের আগাছা পরিষ্কারের সময় এ ঘটনা ঘটে।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শৈলখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ।
নিহতরা হলেন- ওই গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) এবং মানিক বাছাড় (৪০)।
স্থানীয়দের বরাতে ওসি শহীদুল্লাহ বলেন, সকালে বৈরী আবহাওয়ার মধ্যে বিধান ও মানিক ধান ক্ষেতের আগাছা পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় মুষলধারে বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত হয়।
এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে মাঠে থাকা অন্য কৃষকরা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
আইনি প্রক্রিয়া শেষে দুই ভাইয়ের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি শহীদুল্লাহ।
