২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা ও কক্সবাজারে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

ফরিদপুরের বড়াল নদী এবং টেকনাফের বিলের পানিতে ডুবে এই চার শিশুর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পাবনা ও কক্সবাজারে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

টেকনাফ প্রতিনিধি

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2025, 06:57 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

পাবনার ফরিদপুর এবং কক্সবাজারের টেকনাফ উপজেলায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার ফরিদপুর উপজেলার বড়াল নদী এবং টেকনাফের বিলের পানিতে ডুবে এই চার শিশুর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।  

ফরিদপুর থানার ওসি মো. হাসনাত বলেন, দুপুরে বড়াল নদীতে গোসল করতে গিয়ে উত্তর থানা পাড়া গ্রামের আলমগীর হোসেনের নয় বছর বয়সী ছেলে জুবায়ের এবং একই এলাকার আবু সামা কমিশনারের ১১ বছর বয়সী মেয়ে তন্নী ডুবে যায়। 

দুজনকে উদ্ধার করে গোপালনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

অপরদিকে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড় লেচুয়াপ্রাং এলাকায় বিলের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। 

তারা হল- বড় লেচুয়াপ্রাং এলাকায় মোহাম্মদ আব্দুল্লাহর মেয়ে জান্নাত আরা (৮) এবং প্রতিবেশী জিয়াউর রহমানের ছেলে মোহাম্মদ ফারুক (১০)।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, দুপুরে অভিভাবকদের অগোচরে বৃষ্টির পানি জমে থাকা বিলে কয়েকজন শিশু খেলাধুলা করছিল। এক পর্যায়ে দুই শিশু পানিতে ডুবে যায়। 

অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে বলে জানান মোহাম্মদ আলী।