প্রতীকের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন নয়: প্রতিমন্ত্রী
দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে নির্বাচন বিষয়ে অধ্যাদেশ জারি হয়েছে; ১২ মার্চ সংসদে উপস্থাপন করা হবে।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের কর্মকতা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
এছাড়া নগরীর কবি নজরুল অডিটরিয়ামের নাম আবার সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের নামে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সংক্ষিপ্ত সফরে সিলেট আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন তিনি।
প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, “বিগত সরকারের সময় আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জাতীয় প্রতীক বা দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করা হয়েছে এবং সেটা অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে। দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে নির্বাচন হওয়ার ব্যাপারে একটা অধ্যাদেশ অন্তবর্তীকালীন সরকার জারি করেছেন।
“আগামী ১২ মার্চ অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। পার্লামেন্ট কোন অধ্যাদেশগুলো গ্রহণ করবে বা কোনটি করবেন না এটা ওইদিন সিদ্ধান্ত হবে।’’
মীর শাহে আলম বলেন, “প্রতীকের বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে না। সংসদে আইন আকারে পাস হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।’’
সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হবে কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “জাতীয় পর্যায় থেকে সিদ্ধান্ত এলে প্রয়োজনে ওয়ার্ড পর্যায়েও প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে।’’
সিলেট থেকে যেসব উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে, সেগুলো বিশেষভাবে বিবেচনা করা হবে বলে জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন বলেন, ‘‘সিলেট সিটি করপোরেশন আমার দেখা সবচেয়ে সুন্দর এলাকা। তবে মোটাদাগে পানি, জলাবদ্ধতা, ছড়া খাল উদ্ধার ও সংস্কারের বিষয়টি অবগত হলাম।’’
“সুরমা নদী এবং বিভিন্ন ছড়া বা খালসংক্রান্ত নতুন প্রকল্প প্রস্তাব আকারে উপস্থাপন করা হলে মন্ত্রণালয় থেকে তা একনেক বা পরিকল্পনা কমিশনে পাঠিয়ে দ্দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, “আগামী ১০ মার্চ ১৪টি এলাকায় পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হবে এবং ১৫ মার্চ থেকে ইমাম-মোয়াজ্জিন ও পুরোহিতদের জন্য পাইলট প্রকল্প চালু করা হবে।”
বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম
সিলেট নগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটরিয়ামের নাম আবারও পরিবর্তন হয়ে সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের নামে রাখা হচ্ছে।
মঙ্গলবার সিলেট সফরে অডেটোরিয়াম পরিদর্শনকালে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম।
সরকার অডিটরিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার এবং ইতোমধ্যে সংস্কারের জন্য দুই কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা এম সাইফুর রহমান অডিটরিয়াম নামেই অর্থ বরাদ্ধ দেবো।
“এই নামটি সামনে বড় করে লিখতে হবে। যাতে মানুষের চোখে পড়ে। এতে যদি কিছু টাকা বিশি খরচ হয় তাতেও সমস্যা নেই।’’
এ সময় সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “বর্তমানে এই অডিটরিয়ামটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রয়েছে। এতে ঠিকমত তদারকি হচ্ছে না। তাই এটি সিটি করপোরেশনের আওায় নিয়ে আসা প্রয়োজন।”
প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর কথায় এ সময় ‘সম্মতি’ দেন প্রতিমন্ত্রী।
সংশি্লষ্টরা বলছেন, প্রথমে এই মিলনায়তনের নাম ছিল সিলেট অডিটরিয়াম। পরে গত চারদলীয় জোট সরকারের আমলে সংস্কার শেষে এটির নাম পরিবর্তন করে তৎকালীন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য এম সাইফুর রহমানের নামে রাখা হয়।
গত আওয়ামী লীগ সরকারের আমলে সাইফুর রহমানের নাম পাল্টে রাখা হয়-কবি নজরুল অডিটরিয়াম।
প্রায় ২০ বছর পর বিএনপি ক্ষমতাসীন হয়ে আবারও এই অডিটরিয়ামের নাম বদলের উদ্যোগ নিয়েছে। আবার ফিরছে সাইফুর রহমানের নামে।
