০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাবনায় পুকুর থেকে পেঁয়াজ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

সোবার এশার নামাজের পর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 04:37 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

পাবনার সাঁথিয়া উপজেলায় নিখোঁজ পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে ক্ষেতপাড়া ইউনিয়নের মিয়াপুর মিনারপাড়া এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান। 

নিহত ৫৫ বছর বয়সী আব্দুল আজিজ ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের সেকেন সরদারের ছেলে।

তার লাশ ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ সোমবার এশার নামাজের পর বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকাল ৯টার দিকে পুকুরের মালিক মানিক মাছের খাবার দিতে গিয়ে পানিতে একটি লাশ ভাসতে দেখেন। 

এ সময় তিনি স্থানীয়দের জানালে তারা থানায় খবর দেন। পরে স্থানীয়রা লাশটি আজিজের বলে শনাক্ত করেন।

ওসি আনিসুর রহমান বলেন, “এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ঘটনার পেছনে কারা জড়িত এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।”

দ্রুতই এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।