১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে নদীতে পড়ে নিখোঁজের ৯ দিন পর শিশুর লাশ উদ্ধার

বাড়ির পাশে খেলা করার সময় শিশুটি নদীতে পড়ে নিখোঁজ হয় বলে জানায় পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2026, 08:02 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ফুলজোড় নদীতে পড়ে নিখোঁজের নয় দিন পর এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে উপজেলার সলপ ইউনিয়নের চরতাড়াবাড়িয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উল্লাপাড়া থানার এসআই সরোয়ার হোসেন। 

নিহত শিশু এবাদ উল্লাহ (৩) উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর গ্রামের সেলিম রেজার ছেলে।

এসআই সরোয়ার হোসেন বলেন, বিকালে নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, গত ২৭ জানুয়ারি বাড়ির পাশে খেলা করার সময় শিশুটি নদীতে পড়ে নিখোঁজ হয়। দিনভর শিশুটিকে খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা। 

শিশুটি নদীতে পড়ার স্থান থেকে প্রায় ১৫ কিলোমিটার ভাটিতে তার লাশ ভেসে ওঠে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।