২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও মারা গেলেন বিদ্যুৎস্পৃষ্টে

টিনের তৈরি সেচ পাম্পের ঘরে এই দম্পতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2024, 10:36 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

গাইবান্ধার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাআটা গ্রামে এ ঘটনা ঘটে বলে গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) সেরাজুল ইসলাম জানান।

নিহতরা হলেন, ওই গ্রামের কাসেদ আলী ও তার স্ত্রী আলেমা বেগম।  

এলাকাবাসী ও স্বজনরা জানান, শুক্রবার সকাল থেকে কাসেদ আলী তার স্ত্রী আলেমা বেগমকে নিয়ে বাড়ির পাশে আমন ধানের জমি পরিচর্যার কাজ করছিলেন। দুপুরের দিকে প্রচণ্ড গরমে কাসেদ আলী অসুস্থতাবোধ করেন। তখন বিশ্রামের জন্য স্ত্রীসহ তিনি পাশে থাকা টিনের তৈরি একটি সেচ পাম্পের ঘরে যান। 

এলাকাবাসীর বরাতে লক্ষ্মীপুর ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগের তারের একটি ছেঁড়া অংশ ওই ঘরের বেড়ার টিনের সঙ্গে লেগে ছিল। তবে কাসেদ আলী ও তার স্ত্রী সেখানে প্রবেশের সময় ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে আসে। তখন বিদ্যুতায়িত হয়ে পড়া টিনের বেড়ায় কাসেদের হাত লেগে গেলে তিনি স্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী আলেমা বেগমও স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। 

পরে আশপাশের লোকজন ওই ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের লাশ উদ্ধার করেন। 

রাত ৮টার দিকে গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) সেরাজুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”