Published : 11 Apr 2026, 03:54 PM
খাগড়াছড়ির পানছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৪০০টি গুলি উদ্ধার ও জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
শুক্রবার বিকালে উপজেলার দুর্গম বৌদ্ধমনিপাড়া কাঠালতলী এলাকায় পরিচালিত অভিযানে বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয় বলে জানান বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম।
শনিবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. শাহআলমের নেতৃত্বে একটি টহলদল এলাকায় অবস্থান নেয়।
পরে বিকাল ৪টার দিকে সীমান্ত সড়ক দিয়ে দুইটি মোটরসাইকেলে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করে বিজিবির সদস্যরা। তবে ওই ব্যক্তিরা মোটরসাইকেল ফেলে পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে ১ হাজার ৪০০টি গুলি পাওয়া যায়। পরে সেগুলোসহ মোটরসাইকেল দুটি জব্দ করা হয়।

এদিকে উদ্ধারকৃত গোলাবারুদ বিওপিতে নিয়ে যাওয়ার সময় শখানেক দুর্বৃত্ত বিজিবি টহলদলকে ঘেরাও করার চেষ্টা করে।
বিষয়টি জানাজানি হলে পানছড়ি ব্যাটালিয়ন সদর থেকে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে অতিরিক্ত দুইটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে অতিরিক্ত বাহিনীর উপস্থিতির খবর পেয়ে দুর্বৃত্তরা সরে যায়।
লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম বলেন, "সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত টহলের মাধ্যমে এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।"