কুড়িগ্রামে ভারতীয় গাঁজা ও গাঁজা গাছ জব্দ, গ্রেপ্তার ১
গাঁজা বহনকারী এক ব্যক্তি চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পালিয়ে যান।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাদকবিরোধী অভিযানে প্রায় চার কেজি ভারতীয় গাঁজা এবং চারটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।
অভিযানে গাঁজা চাষের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে; আর গাঁজা বহনকারী এক ব্যক্তি চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পালিয়ে যান।
রোববার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।
পুলিশ জানায়, সকালে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দফাদার মোড়ের একটি সরু সেতুর ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়।
এ সময় ভূরুঙ্গামারী বাজারগামী একটি অটোরিকশায় ধানের ভূষির বস্তার ভেতর থেকে প্রায় চার কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পালিয়ে যান।
উদ্ধার করা গাঁজা পরিত্যক্ত আলামত হিসেবে সাধারণ ডায়েরি (জিডি) করে আদালতে পাঠানো হয়েছে। মালিক শনাক্ত হলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
একই দিন দুপুরে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের পাইকডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ফজর আলী শুক্কুর (৫৫) নামে এক ব্যক্তির বাড়ির উঠান থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
গাঁজা চাষের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এ ছাড়া সোনাহাট পুরাতন রেলসেতু ও নবনির্মিত সড়কসেতুর মাঝামাঝি নদীতীর এলাকা থেকে মালিকানাবিহীন আরও দুটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “মাদক কারবারিরা যেভাবেই মাদক ব্যবসা পরিচালনা করুক না কেন, পুলিশ তা উদ্ঘাটনে সক্ষম। মাদকের বিরুদ্ধে অভিযান চলবে।”
তিনি মাদকমুক্ত সমাজ গড়তে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন।
