বিজয় দিবসে বেনাপোল দিয়ে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
তবে এদিন পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বিজয় দিবস উপলক্ষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম সোমবার বন্ধ থাকবে।
সেইসঙ্গে বন্ধ থাকবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রমও।
তবে দুদেশের মধ্যে পাসপোর্টযাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে বলে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান রোববার জানিয়েছেন।
মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে এ বন্দরে।
সাজেদুর রহমান বলেন, মহান বিজয় দিবসের সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টদের মৌখিকভাবে জানানো হয়েছে।
একই কথা জানিয়েছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসান ভূঁইয়া বলেন, মহান বিজয় দিবসের ছুটিতে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
