২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে, ৪ গরুর মৃত্যু

কোরবানির ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গা থেকে গরুগুলো কিনে বরিশালের বানারীপাড়া নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ীরা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2026, 05:13 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

গোপালগঞ্জ সদর উপজেলায় গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চারটি গরুর মৃত্যু হয়েছে। তবে জীবিত উদ্ধার করা হয় চারটি গরু।

শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে উপজেলার কাজুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম।

ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ীরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার কাউয়ারেখা গ্রামের প্রয়াত দুলাল বেপারীর ছেলে রানা বেপারী এবং মশাং গ্রামের সামসুল হকের ছেলে লিটন বেপারী। এ সময় লিটন বেপারীর ছেলে সৈকত বেপারীও ট্রাকে ছিলেন।

লিটন ব্যাপারী বলেন, “আমরা দুইজন চুয়াডাঙ্গার শিয়ালমারি গরুর হাট থেকে বৃহস্পতিবার দুপুরে আটটি গরু ক্রয় করি। সেখান থেকে গরুগুলো ট্রাকে করে বরিশালের বানারীপাড়া উপজেলার বাওলিয়া গরুর হাটে নিয়ে যাচ্ছিলাম। 

“পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে চারটি গরু মারা গেছে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় চারটি গরু জীবিত উদ্ধার করি।”

ট্রাকে থাকা কেউ আহত হয়নি জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাক চালক নজরুল পালিয়ে গেছেন। মারা যাওয়া চারটি গরুর মূল্য প্রায় ১১ লাখ টাকা। কোরবানির ঈদকে সামনে রেখে লাভের আশায় ঋণ করে গরুগুলো কিনেছিলেন তারা।

কান্নাজড়িত কণ্ঠে রানা বেপারী বলেন, “মানুষের কাছ থেকে ঋণ আর ধার-দেনা করে গরুগুলো কিনছিলাম। ভাবছিলাম কোরবানির হাটে বিক্রি করে কিছু লাভ হবে, সংসারটা একটু ভালোভাবে চলবে। কিন্তু সব শেষ হয়ে গেল। 

“এখন ঋণের টাকা কীভাবে শোধ করব, বুঝতে পারছি না। আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম। সারারাত রাস্তায় ছিলাম। আর একটু হলেই হাটে পৌঁছে যেতাম। আল্লাহ বাঁচাইছে, আমরা বেঁচে আছি। কিন্তু গরুগুলো মারা যাওয়ায় অনেক বড় ক্ষতি হয়ে গেছে।”

উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা নেয়ামত উল্লাহ বলেন, “ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে যাই। দেখি ট্রাক খালে পড়ে গেছে আর গরুগুলো পানিতে ছটফট করছে। পরে স্থানীয় লোকজন মিলে উদ্ধার শুরু করি। ঘটনাটি খুবই হৃদয়বিদারক ছিল।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, “সকালে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে চারটি গরু মৃত অবস্থায় উদ্ধার করি এবং জীবিত চারটি গরু নিরাপদে বের করে আনি। চালক ঘুমের ঘোরে থাকায় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।”

স্থানীয়দের ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।