বগুড়ায় কিস্তির টাকা চাওয়ায় এনজিও কার্যালয়ে হামলা, দুজনকে হাতুড়িপেটা
এ সময় হামলাকারীরা দেড় লাখ টাকার মত লুট করে নেয় বলে কর্মীরা বলেছেন।
বগুড়া শহরে কিস্তির টাকা চাওয়ায় একটি বেসরকারি সংস্থা-এনজিও কার্যালয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুজনকে হাতুড়িপেটা করা হয়।
শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ফুলতলা পাট বীজাগারের সামনে অবস্থিত ‘উদ্দীপন’ এনজিও কার্যালয়ে শনিবার রাতে হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা দেড় লাখ টাকার মত লুট করে নেয় বলে কর্মীরা বলেছেন।
হামলায় আহত ব্যক্তিরা হলেন- রংপুরের বদরগঞ্জ উপজেলার সন্তোষপুর এলাকার ওমর আলীর ছেলে প্রোগ্রাম অফিসার হাসিনুর রহমান (৩৪) এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার শালাইননগর এলাকার আলতাব আলীর ছেলে ফার্স্ট ক্রেডিট অফিসার শিমুল আলী (২৭)।
সংস্থার ফার্স্ট ক্রেডিট অফিসার রাজিয়া সুলতানা বলেন, “গত বছরের নভেম্বর মাসে খান্দার এলাকার নূর ইসলাম নাহিদের স্ত্রী মাহমুদা রহমান নামের এক গ্রাহক দুই লাখ টাকা ঋণ নেন। কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো কিস্তি পরিশোধ করেননি। বারবার কিস্তির জন্য তাকে তাগাদা দেওয়া হয়।
“শনিবার বিকালে কিস্তির টাকা চাইতে গেলে নূর নবী নামের এক কর্মীকে মারধর করা হয়। পরে রাতে পরিকল্পিতভাবে কার্যালয়ে হামলা চালানো হয়।”
তিনি বলেন, “দুই-তিনজন এসে হঠাৎ কার্যালয়ে ঢুকে হামলা চালায়। তারা হাতুড়ি ও চাকু দিয়ে দুই কর্মীকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তারা আহত হন। পরে কার্যালয়ের কম্পিউটার, চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়।”
শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে এখনো কাউকে আটক করা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
