নদীতে গোসলে নেমে ২ ভাই নিখোঁজ, একজনের লাশ উদ্ধার
এক দিন আগে হবিগঞ্জ থেকে মায়ের সঙ্গে খালার বাড়িতে বেড়াতে আসে তারা।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় খোয়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই ভাইয়ের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে।
শনিবার বেলা ৩টার দিকে উপজেলার আলাপুর আশ্রয়ণ কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে বলে জানান শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম।
তিনি বলেন, নদীতে নিখোঁজ মোশাহিদ মিয়ার (৬) লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। অপর শিশু জুনাঈদ মিয়াকে (১০) খুঁজে পাওয়া যায়নি। তারা হবিগঞ্জ সদর উপজেলার সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার ছেলে।
শিশুদের মা মনোয়ারা খাতুন জানান, দুই ছেলেকে নিয়ে শুক্রবার বোনের বাড়িতে বেড়াতে যান তিনি। দুপরের পর মোশাহিদ ও জুনাঈদ তাদের খালাত ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।
তাদের খালাত ভাই বাড়িতে এসে জানায় তারা নদীতে তলিয়ে গেছে; এ সময় স্থানীয়রা মোশাহিদকে মৃত অবস্থায় উদ্ধার করে বলে জানান তিনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গেলেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেননি বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা আরিফুল ইসলাম।
তিনি বলেন, “হবিগঞ্জের ডুবুরিরা অসুস্থ থাকায় উদ্ধার কাজ শুরু করা যায়নি। সিলেট থেকে ডুবুরি আসলে উদ্ধার কাজ শুরু করা হবে।”
