গোপালগঞ্জে সবুজ পাতার ফাঁকে লাল-সাদা পদ্ম, দেখতে ভিড়
নৌকায় ঘুরে পদ্মের সৌন্দর্য উপভোগের পাশাপাশি ফুল বিক্রি ও নৌকা চালিয়ে বাড়তি আয় করছেন স্থানীয়রা।
গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় বিলে ফুটেছে হাজারো লাল, গোলাপি ও সাদা পদ্ম। সবুজ পাতার ফাঁকে রঙিন ফুলের এই সৌন্দর্য দেখতে প্রতিদিনই বিলে ভিড় করছেন দর্শনার্থীরা।
জেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার উপজেলার বলাকইড় গ্রামে এই বিলের অবস্থান। পরিবার-পরিজন, বন্ধু ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নৌকায় ঘুরে বিলের সৌন্দর্য উপভোগ করছেন।
স্থানীয়রা জানান, আগে বিলে অল্পসংখ্যক পদ্ম ফুটত। ১৯৮৮ সালের বন্যার পর থেকে বর্ষায় এখানে প্রাকৃতিকভাবে পদ্মফুল ফুটতে শুরু করে। ধীরে ধীরে এই বিলের সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়ে।
এখন বিলের প্রায় পুরো এলাকাজুড়ে লাল, গোলাপি ও সাদা পদ্ম দেখা যায়। ফুলের ওপর ভ্রমর ও বিভিন্ন কীটপতঙ্গও দেখা যায়। ভোরের আলোয় নীল আকাশ, সাদা মেঘ, সবুজ পাতা ও রঙিন পদ্ম মিলে সুন্দর পরিবেশ তৈরি হয়।
সকাল থেকেই বিলে দর্শনার্থীদের ভিড় শুরু হয়। কেউ নৌকায় ঘুরেন, কেউ ছবি তোলেন, আবার কেউ পরিবার নিয়ে সময় কাটান।
পদ্মবিল ঘিরে আয়
পদ্মবিলকে ঘিরে স্থানীয় মানুষের বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে। বর্ষাকালে কাজ কম থাকায় অনেকে বিল থেকে পদ্মফুল তুলে বাজারে বিক্রি করেন।
ভোর থেকে দুপুর পর্যন্ত চলে ফুল সংগ্রহের কাজ। স্থানীয়দের ভাষ্য, গোপালগঞ্জ শহরে প্রতিটি পদ্মফুল পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত বিক্রি হয়। পাইকাররা এখান থেকে ফুল কিনে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যান।
এ ছাড়া স্থানীয় মাঝিরা নৌকায় দর্শনার্থীদের ঘুরিয়ে আয় করেন। শুক্র ও শনিবারসহ ছুটির দিনে ভিড় বেশি হওয়ায় নৌকার চাহিদাও বাড়ে।
দর্শনার্থীদের অভিজ্ঞতা
মাদারীপুর থেকে বলাকইড় পদ্মবিল দেখতে আসা অবন্তি অনামিকা বলেন, “অপরূপ সৌন্দর্যের পদ্মবিল আমাকে নির্মল আনন্দ দিয়েছে। এ বিলের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে হবে।”
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, পদ্মফুল বাণিজ্যিকভাবে চাষ করা হলে কৃষকেরা লাভবান হতে পারেন। পদ্মের বীজও পুষ্টিকর খাবার হিসেবে ব্যবহার করা যায়।
তিনি বলেন, বিলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি এর পরিবেশ রক্ষা করতে হবে। পানিতে প্লাস্টিকের বোতল, পলিথিন ও রাসায়নিক পদার্থ ফেলা যাবে না। অযথা পদ্মফুল ও পাতাও ছেঁড়া উচিত নয়।
যেভাবে যাবেন
ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ শহরে যাওয়া যায়। দূরত্ব প্রায় ১৩০ কিলোমিটার। গুলিস্তান, সায়েদাবাদ ও গাবতলী থেকে গোপালগঞ্জের বাস পাওয়া যায়।
বাসে গোপালগঞ্জ শহরে পৌঁছে পুলিশ লাইনস মোড় থেকে ইজিবাইক বা মাহেন্দ্রযোগে বলাকইড় দক্ষিণপাড়া যাওয়া যায়। সময় লাগে প্রায় ২৫ থেকে ৩০ মিনিট।
বলাকইড় দক্ষিণপাড়ার পীরু সরদারের বাড়ির কাছের সেতুর নিচ থেকে নৌকা ভাড়া করা যায়। প্রায় এক ঘণ্টায় পুরো বিল ঘুরে দেখা যায়। একটি নৌকায় একসঙ্গে ১০ থেকে ২০ জন উঠতে পারেন। নৌকা ভাড়া ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত হতে পারে।
খাবার ও থাকার ব্যবস্থা
বিল ঘোরার পর গোপালগঞ্জ শহরে এসে খাবার খাওয়া সুবিধাজনক। শহরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় খাবার পাওয়া যায়। স্থানীয় খাবার ও তাজা মাছ খেতে পোস্ট অফিস মোড়ের আশপাশের হোটেলে যেতে পারেন।
শহরতলির বেদগ্রামে ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসসহ বিভিন্ন দেশীয় খাবারও পাওয়া যায়।
রাতে থাকতে চাইলে গোপালগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক হোটেল ও গেস্টহাউসে থাকা যায়।
