সিলেটে খাল থেকে মস্তকবিহীন লাশ উদ্ধার, পকেটে ভারতীয় পরিচয়পত্র
পরিচয়পত্রে থাকা নম্বর LSY90400099, ভোটারের নাম গৌরাঙ্গ ঘোষ; সম্পর্কিত ব্যক্তির নাম জিতু ঘোষ, বলছে পুলিশ।
সিলেটের বালাগঞ্জে কুশিয়ারা নদীর সঙ্গে সংযুক্ত একটি খাল থেকে মস্তকবিহীন এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে; যেটির পকেটে ভারতের জাতীয় পরিচয়পত্র মিলেছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের রশিদপুর এলাকা থেকে ৪৫ বছর বয়সী অর্ধগলিত ওই মরদেহ উদ্ধার করার তথ্য দেন বালাগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন ভূঁইয়া।
তিনি বলেন, ভারতের জাতীয় পরিচয়পত্রের নম্বর LSY90400099, ভোটারের নাম গৌরাঙ্গ ঘোষ; সম্পর্কিত ব্যক্তির নাম জিতু ঘোষ। যুবকের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি অনেকটাই বিকৃত হয়ে গেছে।
স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, ওই খালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা বালাগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানিতে ভাসমান মস্তকবিহীন অর্ধগলিত লাশটি উদ্ধার করে। লাশের পরনে থাকা প্যান্টের পকেটে একটি মোবাইল ফোন, একজোড়া চাবি এবং একটি মানিব্যাগ পাওয়া যায়। মানিব্যাগে ভারতের জাতীয় পরিচয়পত্র, ভারতীয় কিছু টাকা এবং কিছু ছবি পাওয়া যায়। এতে ধারণা করা হচ্ছে লাশটি ভারতীয় নাগরিকের হতে পারে। ১০/১২ দিন আগে তার মৃত্যু হয়েছে।
ওসি ফরিদ বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
