চুয়াডাঙ্গায় হাম উপসর্গে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু
তিন দিন আগে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হাম রোগীর জন্য নির্ধারিত ওয়ার্ডে ভর্তি ৮ মাস বয়সী এক শিশু মারা গেছে।
শনিবার বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকন।
মৃত আমির হামজা দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।
স্বজনরা জানান, বুধবার হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে আমির হামজাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ডা. আসাদুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
ডা. আসাদুর রহমান বলেন, শিশুটিকে তিন দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়। তার হাম ও নিউমোনিয়ার উপসর্গ ছিল। এদিন সকাল থেকে তার শারীরিক অবস্থা খারাপের দিকে যায়। চেষ্টা করেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
হাম উপসর্গ নিয়ে এ পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দুই শিশুর মৃত্যু হল।
