২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মাইক্রোবাস থেকে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার মাদক বিক্রেতা

মাইক্রোবাসের সিটের নিচে রাখা একটি ট্রাভেল ব্যাগ থেকে গঁজাগুলো উদ্ধার হয়।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2025, 03:54 PM

Updated : 10 Sep 2026, 12:30 PM

ফেনীতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যাকে মাদক বিক্রেতা বলছে র‌্যাব।

বুধবার রাতে সদর উপজেলার রামপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ১৯ কেজি গাঁজাসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে বলে র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার রবিউল হাসান সরকার জানান।

গ্রেপ্তার ২৩ বছর বয়সী মোশারফ ফেনীর দাগনভূঞা উপজেলার হীরাপুর গ্রামের নুর নবী হোসেনের ছেলে।

তার বিরুদ্ধে মামলা দায়েরের পর জব্দ করা মাদকসহ তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

রবিউল বলেন, “গোপন সংবাদে রামপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে র‍্যাব সদস্যরা গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় ফেনী থেকে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস থামাতে সংকেত দেওয়া হয়। তখন গাড়িটি চেকপোস্টের সামনে থামিয়ে কৌশলে এক ব্যক্তি গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

“এ সময় র‌্যাব সদস্যরা তাকে আটক করে। পরে মাইক্রোবাসটি তল্লাশি করে সিটের নিচে রাখা একটি ট্রাভেল ব্যাগ থেকে ১৮ দশমিক ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।”

আটক যুবকের বরাতে র‍্যাবের এ কর্মকর্তা বলেন, “জিজ্ঞাসাবাদে নুর নবী জানায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বেশি মূল্যে বিক্রি করে আসছিল।

“তার কাছ থেকে উদ্ধার মাদকের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৮৮ হাজার টাকা।”