২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’ চালু

এ পরিষেবার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াতকারী শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে বাসের অবস্থান জানতে পারবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 03:16 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা আরও আধুনিক ও সহজ করতে ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’ চালু করেছে শাখা ছাত্রদল।

এ পরিষেবার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াতকারী শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে বাসের অবস্থান জানতে পারবেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন উপাচার্য কামরুল আহসান।

সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি কমাতে প্রযুক্তিনির্ভর এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। 

পরিবহন সেবা উন্নত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব হলেও শিক্ষার্থীদের স্বার্থে ছাত্রদলের এ উদ্যোগ প্রশংসনীয় বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এ প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব বাসকে এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। 

এর ফলে শিক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে বাসের অবস্থান, নির্ধারিত স্টপেজে পৌঁছানোর সম্ভাব্য সময় এবং বিলম্ব সংক্রান্ত সংকেত জানতে পারবেন। এতে সময় ব্যবস্থাপনা সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, দীর্ঘদিন ধরে পরিবহন ব্যবস্থার অনিশ্চয়তার কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাসের অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য না থাকায় অনেক সময় ক্লাস ও অ্যাকাডেমিক কার্যক্রম ব্যাহত হয়।

শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।