Published : 28 Jul 2025, 09:14 PM
সিলেটের ওসমানীনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পরিচয়ে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের হুমকি দেওয়ায় অভিযোগে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে ওই যুবককে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয় বলে জানান ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন।
দণ্ড পাওয়া মাহবুবুর রহমান (৩২) উপজেলার সাদিপুর ইউপির সাদীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
ইউএনও জয়নাল আবেদীন বলেন, “মাহবুবুর নিজেকে জামায়াত নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ একাধিক কর্মকর্তাকে হুমকি, সরকারি কাজে বাধা সৃষ্টি করে আসছিলেন।
“কাজ না করে দিলে ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও করে ভাঙচুরে হুমকিও দিতেন। সোমবার অফিসে এসে আবার হুমকি দেন মাহবুবুর। এ সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্থ ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে ওসমানীনগর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেন বলেন, “ওসমানীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনও আহ্বায়ক কমিটি দেইনি, এটি ভুয়া। আমাদের কোনও উপজেলাতে কমিটি নেই। হুমকি দেওয়া মাহবুবুরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
মাহবুবুরের বিষয়ে জানতে ওসমানীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি আনহার আহমদের মোবাইলে কল করা হলে তার নম্বরটি ব্যস্ত পাওয়া গেছে।
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেওয়া যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হলে বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।