মেহেরপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে ২০২৩ সালের ১৫ মার্চ এ ঘটনা ঘটে।
মেহেরপুর সদর উপজেলায় দশ বছরের শিশু ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে মেহেরপুর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুস্তাফিজুর রহমান তুহিন জানিয়েছেন।
দণ্ডিত ৩৫ বছর বয়সী রিগান হোসেন মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া উত্তর পাড়া গ্রামের আবুল কালামের ছেলে।
সাজার পাশাপাশি তাকে দই লাখ টাকা জরিমানা দিয়েছেন বিচারক। অনাদায় তাকে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বিবরণে বলা হয়, ২০২৩ সালের ১০ মার্চ সদর উপজেলার একটি গ্রামের তৃতীয় শ্রেণী পড়ুয়া এক ছাত্রী তেরঘরিয়া গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়। ১৫ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে রিগান হোসেন শিশুটিকে তার দোকানে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। শিশুটি অসুস্থ হয়ে পড়লে রিগান তাকে ফেলে পালিয়ে যায়।
পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে শিশুটির জ্ঞান ফিরলে সে ঘটনার বিষয়ে পরিবারের সদস্যদের জানায়।
এ ঘটনায় ১৬ মার্চ শিশুটির চাচা মেহেরপুর সদর থানায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আলিম প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগ দাখিল করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুস্তাফিজুর রহমান তুহিন জানিয়েছেন।
এর আগে রিগান হোসেন তার দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ উপস্থাপন শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
