২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটিকুমরুল মহাসড়ক সংযোগস্থলে নতুন লেন চালু, উত্তরের পথে স্বস্তির আশা

ইন্টারচেঞ্জের সার্ভিস লেনের ঢাকা-বগুড়ামুখি চারটি এবং অন্য মহাসড়কের জন্য দুটি করে লেন খুলে দেওয়া হয়েছে।

বিডিনিউজ২৪

ইসরাইল হোসেন বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2026, 10:01 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

বিগত কয়েকটি ঈদে উত্তরের পথে যাত্রায় যমুনা সেতু অতিক্রম করার পর অনেকটা স্বস্তি ছিল। উত্তরবঙ্গগামী মহাসড়কে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবারও নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। 

টানা ছুটিতে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও ভোগান্তিমুক্ত করতে এরই মধ্যে জেলা প্রশাসন, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, সড়ক বিভাগ এবং যানবাহন মালিক-শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সভা অনুষ্ঠিত হয়েছে।

যমুনা সেতু দিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার যানবাহন চলাচল করে থাকে। সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২১ কিলোমিটার এলাকায় রয়েছে চারলেনের ‘যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক’। 

সেতু পার হওয়ার পর এই পথে যানবাহনের সবচেয়ে বেশি চাপ থাকে। সাধারণ সময়ে এ মহাসড়ক দিয়ে প্রতিদিন প্রায় ১৮ হাজারের মত যানবাহন চলাচল করে থাকে। কিন্তু ঈদযাত্রায় তা বেড়ে প্রায় তিনগুণ হয়ে যায়। 

এরপর হাটিকুমরুল গোলচত্বরে গিয়ে যানবাহনগুলো তিন ভাগে পাবনা, রাজশাহী ও বগুড়া মহাসড়কে চলে যায়। এর মধ্যে বগুড়া-রংপুরমুখী মহাসড়কে যানবাহনের চাপ বেশি থাকে। এই মহাসড়ক চারলেনে উন্নতিকরণের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। 

সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, হাটিকুমরুল গোলচত্বরে নির্মাণাধীন সড়ক সংযোগস্থলের (ইন্টারচেঞ্জ) বেশ কয়েকটি লেন ইতোমধ্যে চালু হয়েছে।এ সংযোগস্থলের সুফলও মিলতে শুরু করেছে। 

“ইন্টারচেঞ্জের কারণে যানবাহনগুলো গোলচত্বরে পৌঁছানোর আগেই কয়েকটি পথে বিভক্ত হয়ে যাচ্ছে। ফলে আগের মতো গোলচত্বরে যানজট হওয়ার আশঙ্কা কমে যাবে।”

এছাড়া এবার মহাসড়কে কোথাও নির্মাণকাজ চলমান না থাকায় ঈদযাত্রায় যানবাহনগুলো বাধাহীনভাবে চলাচল করতে পারবে বলেও জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।   

এ বিষয়ে সাউথ এশিয়া সাবরিজিওনাল কো-অপারেশন প্রকল্প (সাসেক-২) এর ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, “সিরাজগঞ্জ অংশে মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আপাতত মহাসড়কে সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।

“এর মধ্যেই হাটিকুমরুল গোলচত্বরে নির্মাণাধীন ইন্টারচেঞ্জের সার্ভিস লেনের ঢাকা-বগুড়ামুখী চারটি এবং অন্য মহাসড়কের জন্য দুটি করে লেন খুলে দেওয়া হয়েছে। শীঘ্রই খুলে দেওয়া হবে ঢাকা-বগুড়ামুখি ওভারব্রিজ। আশা করছি ঈদযাত্রায় নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারবে।”

পণ্যবাহী যানবাহনকে ‘এসকর্ট সেবা’, নিয়ন্ত্রণ করা হবে থ্রি-হুইলার

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) হাফিজুর রহমান বলেন, “ঈদযাত্রায় মহাসড়কে যত্রতত্র যানবাহন চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাসমূহে দিনে-রাতে পালাক্রমে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।” 

তিনি আরও বলেন, “ঈদযাত্রায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কে চলাচলকারী সব মূল্যবান পণ্যবাহী যানবাহনকে এস্কর্ট সেবা’ দেওয়া হচ্ছে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলার অভ্যন্তরের মহসড়কের সীমান্ত পারাপারে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এক্ষেত্রে যানবাহনের চালক ও বিশেষ ব্যক্তিদের যে কোনো প্রয়োজনে যমুনা সেতু পশ্চিম থানা ও পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, “ঈদের ছুটি শুরু হলে মহাসড়কে যানবাহন চলাচল বেড়ে যাবে। আমরা ১৪ মার্চ থেকেই মাঠে থাকব। থ্রি-হুইলার ও যত্রতত্র যানবাহনগুলোকে কোনাক্রমেই মহাসড়কে উঠতে দেওয়া হবে না।”

যমুনা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “আগে সেতুর ওপরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন সরাতে দুইটি রেকারের ব্যবস্থা ছিল। এবার আরও একটি শক্তিশালী রেকার যুক্ত করা হয়েছে।

“টোল আদায়ের জন্য সেতুর দুইপ্রান্তে যানবাহনগুলোর জন্য ৭টি করে এবং মোটরসাইকেলের জন্য আলাদা দুইটি করে টোল বুথ খোলা থাকবে। প্রয়োজন হলে এ সংখ্যা আরো বাড়ানো হবে।”

এছাড়া সেতুর ওপরিভাগের নিরাপত্তায় ৫০০ মিটার পর পর নিরাপত্তাকর্মীরা দায়িত্বে থাকবেন বলেও জানান তিনি।