ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে ‘জিংক ধানের’ বীজ পেলেন ১২০ কৃষক
প্রশিক্ষণ শেষে প্রত্যেককে চার কেজি করে ৪৮০ কেজি জিংক জাতের ব্রি ধান-৭৪ এর ভিত্তি ধান বীজ বিতরণ করা হয়।
ঠাকুরগাঁও সদরে প্রশিক্ষণ শেষে বিনামূল্যে জিংক ধানের ভিত্তি বীজ পেলেন ১২০ জন কৃষক।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কোনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীজ বিতরণ করেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. আলমগীর কবির।
ইএসডিও-এর আয়োজনে অনুষ্ঠান বাস্তবায়ন করে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস-ইন প্রকল্প।
অনুষ্ঠানে আউলিয়াপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইএসডিও রিঅ্যাক্টস-ইন প্রজেক্টের ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম, প্রকল্প কর্মকর্তা মো. আবু তালহা শিশির ও ইএসডিওর কর্মকর্তারা বক্তব্য দেন।
প্রশিক্ষণে মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অংশগ্রহণকারীরা জিংক ধান ও গমকে মানুষের হাতের নাগালে পৌঁছাতে এর উৎপাদন ও এ বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে কাজ করার কথা বলেন।
প্রশিক্ষণ শেষে ১২০ কৃষককে চার কেজি করে ৪৮০ কেজি জিংক জাতের ব্রি ধান-৭৪ এর ভিত্তি ধান বীজ বিতরণ করা হয়।
