সিলেটে গভীররাতে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
“অ্যাম্বুলেন্সটি সচল ছিল, এটি একেবারে পুড়ে গেছে। তবে কুমারগাঁও বাসস্ট্যান্ডের বাসটি পরিত্যক্ত ছিল।”
সিলেটে হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে ও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
শনিবার গভীর রাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে এসব ঘটনা ঘটে বলে সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সদস্য জুনাইদ জানিয়েছেন।
শামসুদ্দিন হাসপাতালের আরএমও (আবাসিক চিকিৎসা কর্মকর্তা) মিজানুর রহমান চৌধুরী বলেন, “হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুটি মোটরসাইকেলে করে পাঁচ জন তরুণ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি পুরোটাই পুড়ে যায়।”
ফায়ার সার্ভিসের সদস্য জুনাইদ বলেন, “শামসুদ্দিন আহমদ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ৩টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি গাড়ি স্টেশন থেকে বের হয়। পরে আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটি ৩টা ৪৮ মিনিটে ফিরে আসে।”
তিনি বলেন, “এরপর রাত ৩টা ৫০ মিনিটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেওয়ার খবর আসে। পরে আগুন নিয়ন্ত্রণে একটি গাড়ি রাত ৩টা ৫০ মিনিটে স্টেশন থেকে ছেড়ে যায়। পরে এই গাড়িটি রাত ৪টা ৩০ মিনিটে আবার ফিরে আসে।”
দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে বলে সিলেট ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মোহাম্মদ ফজল মিয়া জানিয়েছেন।
তিনি বলেন, “শামসুদ্দিন হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটি সচল ছিল। এটি একেবারে পুড়ে গেছে; তবে চাকাগুলো বেঁচে গেছে। আর কুমারগাঁও বাসস্ট্যান্ডের বাসটি পরিত্যক্ত ছিল।
“আমরা বাসের গেইটের তালা খুলে আগুন নিয়ন্ত্রণে এনেছি।”
