Published : 05 Jan 2025, 05:38 PM
ঢাকার সাভারে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে পায়ে গুলি করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জালাল উদ্দিন।
গ্রেপ্তার মোশারফ হোসেন মোশা (৪০) সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার মৃত শাহজাহান বেপারীর ছেলে। তিনি আওয়ামী লীগ সমর্থিত আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক।
পায়ে গুলিবিদ্ধ ব্যবসায়ী রমজান আলী (৪৪) সাভারের হেমায়েতপুর এলাকার মৃত হোসেন আলী খানের পুত্র। তিনি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার মধ্যরাতে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজান আলী র্দীঘ দিন যাবত সাভারের হেমায়েতপুর এলাকায় ব্যবসা করে আসছেন। তারে কাছে ‘সন্ত্রাসী মোশা’ দুই লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু রমজান দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ৩১ ডিসেম্বর রাতে ব্যবসায়ীকে অপহরণ করে মোশা।
পরে ব্যবসায়ীকে হেমায়েতপুরের গ্রিন সিটি এলাকায় নিয়ে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। এসময় মোশা তার কাছে থাকা পিস্তল দিয়ে ব্যবসায়ীর ডান পায়ের হাটুতে গুলি করে।
এছাড়া তার কাছে থাকা এক লাখ টাকা এবং তার ব্যবহৃত দুইটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে ১ জানুয়ারি ভোরে রমজান আলীকে মুমূর্ষ অবস্থায় হেমায়েতপুর ভাঙ্গা ব্রিজের সামনে ফেলে রেখে যায়।
ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় মোশারফ হোসেন মোশাকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।